নাজমুল হক(ইনফো স্পোর্টস বিডি ডটকম)
নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বাংলাদেশ সফরে ওয়ানডে এবং টেস্ট সিরিজের জন্য বিকল্প ভেন্যু হিসেবে খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামের কথা ভাবছে বিসিবি। তেমন কিছু হলে বাংলাদেশে ষষ্ঠ টেস্ট ভেন্যু হবে খুলনা। গত বিশ্বকাপের বিকল্প ভেন্যু হিসেবে শেখ আবু নাসের স্টেডিয়ামকে রাখা হয়েছিল।

আধুনিক সুযোগ-সুবিধা দিয়ে গড়ে তোলা হয়েছে খুলনা স্টেডিয়াম। যদিও ২০০৬ সালে জিম্বাবুয়ে এবং বাংলাদেশের মধ্যকার একটি টি-টোয়েন্টি এবং একটি ওয়ানডের পর কোন আন্তর্জাতিক ম্যাচ হয়নি। ভেন্যু সংস্কারের পর মেয়েদের ক্রিকেট হয়েছে। আন্তঃজেলা ক্রিকেটের ফাইনাল ম্যাচটিও হয়েছে খুলনায়। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) অনূর্ধ্ব-১৫ দল ও বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের খেলা হবে ওই স্টেডিয়ামে। শ্রীলঙ্কা এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের খেলাও হতে পারে সেখানে। স্টেডিয়ামে অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকলেও খুলনায় আন্তর্জাতিকমানের হোটেল না থাকায় টেস্ট ভেন্যুর জন্য আবেদন করতে পারেনি বিসিবি। এবার অনেকটা বাধ্য হয়ে টেস্ট এবং ওয়ানডে আয়োজনের কথা ভাবছে। আগামী ১৫ মে বিসিবির গ্রাউন্ডস অ্যান্ড ফ্যাসিলিটি বিভাগের চেয়ারম্যান শফিকুর রহমান মুন্না, কিউরেটর গামিনি ডি সিলভা এবং ম্যানেজার আবদুল বাতেন খুলনা ভেন্যু পরিদর্শনে যাবেন। বাতেন বাংলানিউজকে বলেন, ‘এখনো কোন কিছু চূড়ান্ত হয়নি। আমরা ভেন্যু দেখতে যাচ্ছি। হোটেলসহ সার্বিক বিষয় খতিয়ে দেখা হবে। তারপর বোঝা যাবে সেখানে খেলা দেয়া যাবে কি না।’ বিসিবির একটি প্রতিনিধিদল খুলনা ভেন্যু ঘুরে এসেছে। আন্তঃজেলা ক্রিকেটের ফাইনাল খেলা দেখার পাশাপাশি তারা হোটেল এবং সুযোগ-সুবিধাগুলো দেখে এসেছে। পরিদর্শকদলের একজন কর্মকর্তা জানিয়েছেন, খুলনায় একটি টেস্ট এবং একটি ওয়ানডে ম্যাচ হতে পারে। ফতুল্লা খান সাহেব ওসমান আলী এবং চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন কাজের জন্য এ সপ্তাহে দরপত্র আহ্বান করবে ক্রীড়া পরিষদ। পরের মাসে খোঁড়াখুঁড়ির কাজ শুরু হয়ে যেতে পারে। পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করতে গেলে পিচ এবং আউট ফিল্ডের মাটি তুলতে হবে। এক বছরেরও বেশি সময় আন্তর্জাতিক খেলা আয়োজন করা সম্ভব হবে না। সেজন্যই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে শেখ আবু নাসের স্টেডিয়ামের কথা বিবেচনা করছে বিসিবি।


