নাজমুল হক(ইনফো স্পোর্টস বিডি ডটকম);
প্রায় দুই বছর পর আগামী মাসের শেষের দিকে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে পাকিস্তান। গতকাল পাকিস্তানের শ্রীলঙ্কা সফরের সময়সূচি চূড়ান্ত করে লঙ্কান ক্রিকেট বোর্ড।

২৯ মে প্রায় দেড় মাসের সফরে শ্রীলঙ্কা যাবে পাকিস্তান ক্রিকেট দল। ওই সফরে লঙ্কানদের সঙ্গে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুটি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। হাম্বানতোতায় ১ জুন টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সফর শুরু করবে পাকরা। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৭ জুন থেকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে লড়াই করবে পাকিস্তান-শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজ শেষে ২২ জুন থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজে মোকাবিলা করবে দুদল। পাল্লেকালেতে ৮ জুলাই থেকে শুরু হওয়া তৃতীয় ও শেষ টেস্ট খেলে লঙ্কান সফর শেষ করবে পাকিস্তান।
সর্বশেষ ২০০৯ সালে শ্রীলঙ্কা সফরে গিয়েছিল পাকিস্তান। ওই সফরে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুদল। ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ ও ৩-২ ব্যবধানে ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কা জিতলেও, একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি জিতে সফর শেষ করেছিল পাকিস্তান। আর সর্বশেষ ২০১১ সালে নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতে দেখা হয়েছিল দুদলের। ওই সফরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সবগুলো সিরিজ জিতে নেয় পাকিস্তান।
শ্রীলঙ্কা সফরের সময়সূচি : জুন ১-প্রথম টোয়েন্টি টোয়েন্টি, হাম্বানতোতা। জুন ৩-দ্বিতীয় টোয়েন্টি টোয়েন্টি, হাম্বানতোতা। জুন ৭-প্রথম ওয়ানডে, পাল্লেকালে। জুন ৯-দ্বিতীয় ওয়ানডে, পাল্লেকালে। জুন ১৩-তৃতীয় ওয়ানডে, কলম্বো। জুন ১৬-চতুর্থ ওয়ানডে, কলম্বো। জুন ১৮-পঞ্চম ওয়ানডে, কলম্বো। জুন ২২-২৬-প্রথম টেস্ট, গলে। জুন ৩০-জুলাই ৪-দ্বিতীয় টেস্ট, কলম্বো। জুলাই ৮-জুলাই ১২-তৃতীয় টেস্ট, পাল্লেকালে


